
ফটো কালেক্টেড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
ডিনস কমিটির কয়েকজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পরীক্ষাটি ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে, এবং পরে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
একজন ডিন, নাম প্রকাশ না করার শর্তে, জানান যে এবারও ৪টি অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা হবে। অনুষদগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা অনুষদ। চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে, আর বাকি ৩টি অনুষদের পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এই বিভাগীয় কেন্দ্রগুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
জিপিএ বা পরীক্ষার মানবন্টনে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি, তবে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা থাকতে পারে।